মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাকে এ কথা বলেছেন বলে দাবি ট্রাম্পের।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। গতকাল শুক্রবার ইউক্রেনে মস্কোর আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগে ফক্স নিউজকে তিনি সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন, ‘আমি বিশ্বাস করি না যে আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এটি (তাইওয়ান আক্রমণ) ঘটবে। দেখা যাক।’
তিনি আরো বলেন, ‘তিনি (শি চিনপিং) আমাকে বলেছিলেন, ‘তুমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি এটা (তাইওয়ান আক্রমণ) করব না। আমি উত্তরে বলেছিলাম, ‘আমি এর প্রশংসা করছি।

তবে তিনি এটাও বলেছিলেন, ‘আমি খুব ধৈর্যশীল আর চীনও খুব ধৈর্যশীল।’
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত জুন মাসে শি চিনপিংয়ের সঙ্গে প্রথম ফোনালাপ হয় ট্রাম্পের। এর আগে, এপ্রিলেও ট্রাম্প দাবি করেছিলেন, শি তাকে ফোন করেছিলেন। যদিও তিনি কখন সে ফোনালাপ হয়েছে, তা স্পষ্ট করেননি।
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। প্রয়োজনে চীন তাইওয়ানের ওপর বলপ্রয়োগ করে পুনরেকত্রীকরণ ঘটানোর অঙ্গীকারও করেছে। তবে তাইওয়ান চীনের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।
ওয়াশিংটনে চীনা দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে তাইওয়ান ইস্যুকে ‘চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু’ বলে উল্লেখ করেছে।
দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ‘মার্কিন সরকারের উচিত এক-চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলা।
আরোও পড়ুনঃ জনগণ নির্বাচনমুখী হলে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

