
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার দুই দিনের সফরে ঢাকায় আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আগামী ২৩ আগস্ট তার ঢাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন তিনি।
যদিও সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে বিষয়টি নিয়ে উভয় দেশের কূটনৈতিক মহলে প্রস্তুতি চলছে। খুব শিগগিরই সফরসূচি চূড়ান্ত করে প্রকাশ করা হবে বলে জানা গেছে।সফরকালে রাজনৈতিক যোগাযোগ জোরদার, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, চলতি বছরের ১৬-১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় এসে দ্বিপক্ষীয় আলোচনা করেন। তার সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৭-২৮ এপ্রিল ইশাক দারের ঢাকা সফরের কথা থাকলেও কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার কারণে সফরটি স্থগিত হয়। এবার নতুন করে সেই সফর পুনঃনির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন। ডি-৮ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেই তার সেই সফর।

ঢাকা আশা করছে, ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। এছাড়া বাংলাদেশের দাবি অনুযায়ী, পাকিস্তানের কাছে প্রায় সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থও ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে।
গত এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়গুলো পাকিস্তানকে জানানো হয়েছিল। আসন্ন পররাষ্ট্রমন্ত্রীর সফরেও বাংলাদেশ সেসব দাবি ও প্রত্যাশা পুনর্ব্যক্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

