৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

জাতীয় রাজনীতি সারাদেশ

রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দেশব্যাপী ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ ও সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি দাবি করেন, দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া হাসপাতাল, সংসদ সদস্যের বাড়ি, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং জামায়াতের নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপির পাশাপাশি জামায়াতের অবস্থান কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতও রাজপথে রয়েছে। তবে প্রতিহত ও প্রতিরোধের মধ্যে পার্থক্য রয়েছে।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করতে চায় জামায়াত। এ ক্ষেত্রে গাড়ি পোড়ানো, মানুষ হত্যা কিংবা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডকে আন্দোলনের পথ হিসেবে বিবেচনা করে না দলটি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই দলীয়ভাবে এই ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি ডিসেম্বরের বিজয় দিবসকে সামনে রেখে দেশব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি হলো-

২১ নভেম্বর: সন্ত্রাস, নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল।

২৫ নভেম্বর: একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

২৬ নভেম্বর: সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ ও মিছিল। সংশ্লিষ্ট জেলা সংগঠন এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

২৯ নভেম্বর: ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশের লক্ষ্যে ঢাকায় আলোচনা সভা।

৩০ নভেম্বর: দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও মিছিল। স্থানীয় উপজেলা ও থানা সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করবে।

২ ডিসেম্বর: দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও সংকট নিরসনের লক্ষ্যে ঢাকায় আলোচনা সভা।

৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন।

১৫ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা।

১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উদ্‌যাপনে রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালির আয়োজন।

১৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

২৬–৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

ঘোষিত কর্মসূচিগুলোর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।