কেরানীগঞ্জে ৫০লাখ টাকার মাদকসহ র‌্যাবের অভিযানে গ্রেফতার ২ 

আইন ও আদালত কেরানীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকা থেকে আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্য মানের ১,৪৭০ বোতল ফেনসিডিল এবং বিদেশী মদসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

গ্রেফতার দুজন হলেন- শেখ শফিজুল ইসলাম (৪৭), মোঃ মাসুদ রানা (৪২)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ হয়। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত র‌্যাব-১০ এর কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

ফরিদ উদ্দিন বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ মাদকের বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রাখছে। অতঃপর তারা উক্ত ফেনসিডিলসহ অন্যান্য মাদক নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার যোগে সরবরাহ করে আসছে। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে মাদকের একজন বড় ডিলার তার সঙ্গীয় অপরাপর ব্যবসায়ীদের সহযোগে বিপুল পরিমান ফেনসিডিল দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় মজুদ করে রাখছে। এ বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় সোমবার (১০ জুন) রাত আনুমানিক ১০টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। যে অভিযানে উল্লেখিত ঘটনাস্থল শফিজুলের ভাড়া নেয়া বাচ্চু ভুঁইয়ার একতলা বাড়ির সামনে রাখা একটি প্রাইভেট কারের ভিতরে ৩৭০ (তিনশত সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং সেই বাড়ীর ভিতর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শেখ শফিজুল ইসলাম (৪৭) ও মোঃ মাসুদ রানা (৪২)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শফিজুল ও মাসুদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে শফিজুলের ভাড়া বাসায় একতলা বাড়ির একটি কক্ষ থেকে আরো ১,১০০ বোতল ফেনডিসিল ও ০৪ বোতল বিদেশী মদসহ আনুমানিক ৪৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের সর্বমোট ১,৪৭০ বোতল ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার ও ০১টি মোটর সাইকেল জব্দ এবং মাদক বিক্রয়ের নগদ-১,৪৮,৬০০/- (এক লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।

অধিনায়ক মো. ফরিদ উদ্দিন আরো জানান, গ্রেফতারকৃত শফিজুল ও মাসুদ দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা উভয়ই মিলে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে জব্দকৃত প্রাইভেট কার যোগে ফেনসিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করত। অতঃপর উক্ত ফেনসিডিল ও মদ শফিজুলের বর্তমান ঠিকানা ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকার একটি বাড়ীতে মজুদ করে রাখত। পরবর্তীতে সেগুলো তাদের জব্দকৃত প্রাইভেট কার ও মোটর সাইকেলযোগে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। এই মাদক বিক্রির টাকা দিয়ে ফরিদ নতুন একটি ছয় তলা বাড়ি নির্মাণ করছেন বলেও জানান তিনি।

 

গ্রেফতারকৃত শফিজুলের বিরুদ্ধে পূর্বেই যশোর জেলার কেশবপুর থানায় ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ০২টি মাদক মামলা এবং মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় ০১টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।