আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

Uncategorized

 

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫), পিতা চান মিয়া, তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেমায়েতপুর সেনা ক্যাম্প মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত আনুমানিক সাড়ে ৯টায় হেমায়েতপুর সেনা ক্যাম্পের একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় টহল পরিচালনাকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ক্রেতারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

প্রাথমিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত আছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা এবং অপরাধসংক্রান্ত তথ্যসমৃদ্ধ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।