ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গাড়িটি থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও নারীদের পোশাক থ্রি-পিস উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার আগানগর থেকে ছাই রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ ১৪-০২০৮) জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আগানগর ইউনিয়নের তরিকুল্লাহ রোড এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী মিয়ার বাড়ির পেছনে কে বা কারা প্রাইভেটকারটি ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির দরজা খুলে তল্লাশি চালায় । এ সময় গাড়ির ভেতর থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস উদ্ধার করা হয়।
রমজান আলী মিয়া বলেন, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে দেখি আমার বাড়ির পেছনে একটি অপরিচিত প্রাইভেট কার পড়ে রয়েছে। আমি আশপাশের লোকজনের কাছে জানতে চাই গাড়ীটি এখানে কে রেখেছে। কিন্তু আমার এলাকাবাসি কেউ বলতে না পাড়লে আমি থানা পুলিশকে খবর দেই।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পড়ে থাকতে দেখি। পরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ীর ভিতরে তল্লাশি করি । তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস উদ্ধার করা হয় । বিআরটিএ অফিসের মাধ্যমে গাড়ির নিবন্ধন নম্বর যাচাই করে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে কারা গাড়িটি সেখানে ফেলে গেছে তা উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
এ বিষযে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, গাড়িটির বিষয়ে যাচাই বাছাই ও তদন্ত চলছে। এ বিষযে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। #

