নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। এরই মধ্যে সম্ভাব্য বিভিন্ন পদ প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। রাজনৈতিক মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম- সবখানেই দেখা যাচ্ছে পদপ্রার্থীদের সরব উপস্থিতি।
তবে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে প্রচারণার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, শুভাঢ্যা ইউনিয়ন ১নং ইউনিট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিকি খান সহ কৌশিক আহমেদের সমর্থকরা কৌশিক আহমেদ উদয়ের পক্ষে প্রচারণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহুল ব্যবহৃত ‘শিক্ষা, শান্তি, প্রগতি‘ স্লোগানটি ব্যবহার করেছেন।
পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় কীভাবে নিষিদ্ধ সংগঠনের স্লোগান ব্যবহার করা হলো।
এ বিষয়ে জানতে কৌশিক আহমেদ উদয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রদলের দক্ষিন কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছি,তিনি নিজেকে থানা ছাত্রদলের সভাপতি হিসেবে যোগ্য বলেও দাবি জানান, ছাত্রলীগের স্লোগানে প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি ভুল বসত করা হয়েছে বিষয়টি আমি খেয়াল করিনি।
এদিকে বিষয়টি নিয়ে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকা একজন কর্মী কিভাবে ছাত্রলীগের স্লোগান ব্যবহার করে, কেউ ছাত্রলদের মূলনীতির বাইরে গেলে ছাত্রদলের কোনো কমিটিতে তাদের জায়গা হবে না ৷
দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আগেই এমন পোস্টারকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা-সমালোচনা এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে।

