রিহ্যাবে পাঠাতে চাওয়ায় মাকে কুপিয়ে হত্যা

অপরাধ সারাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভন (৩৫)। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলীর ছেলে। এছাড়াও তিনি দীর্ঘদিন থেকে মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা । 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তার মা-বাবা। তবে প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সম্প্রতি তাকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা-বাবা। কিন্তু এতে রাজি ছিলেন না শোভন বুধবার ভোরে সিরাজগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে বাড়িতে থাকা একটি ছুরি দিয়ে মায়ের বুকে আঘাত করেন শোভন। এ সময় বাবা এগিয়ে এলে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। এরপর সেখান থেকে পালিয়ে যান সুমন।

পরে বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাকে আটকের জন্য আপ্রাণ চেষ্টা চলছে।’