ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো.আহসান উল্লাহ (৪০) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
গ্রেপ্তার আহসান উল্লাহ দক্ষিন কেরানীগঞ্জের কালিবাড়ী (মাগুর মাছের গাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান এবং মায়ের নাম হালিমা বেগম।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার পর থেকে ৯ অক্টোবর সকাল আনুমানিক ৯টার মধ্যে গ্রেফতার স্বামী আহসান উল্লাহ তার নিজ বসতবাড়ির শয়নকক্ষের ভেতরে পারিবারিক বিরোধের জেরে তার বোন মোছা. শাহনাজ আক্তার (৩৩)-কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়,অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া আমরাবাগ এলাকা থেকে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

