কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

সারাদেশ

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়ায় রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। এ টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাস চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে টার্মিনালটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুনকুঠিয়ার এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এতে রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাস প্রবেশ ও চলাচলের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নগরীর সড়কে যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এদিকে রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।