টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অর্থনীতি] প্রযুক্তি সারাদেশ

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০:৩০ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছিলো না। প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলমান রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট এখনো চালু করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিক আছে।’

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য-প্রযুক্তি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়া নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংক এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ a i প্রযুক্তি ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করে। এ পরিস্থিতিতে সরকারও বৈশ্বিক সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে সতর্কতা জারি করেছে।