আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

রাজনীতি

অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে, রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। তিনি নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের জনগণ এখনো এ পদ্ধতির জন্য প্রস্তুত নয়। তার দাবি, যারা পিআর দাবি করছেন, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে।

শেখ হাসিনার শাসনামলে দলের নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দেয়া হতো, গ্রেপ্তার করা হতো। তার ১৬ বছরের দুঃশাসনে বিএনপির নেতাকর্মীরা অধিকাংশ সময়ে কারাগারে জীবন কাটিয়েছে। আপনারা জানেন, নীলফামারীর একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি বিএনপির নেতাকর্মীদের ওপর কী পরিমাণ স্টিমরোলার চালিয়েছেন।

এ সময় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন রিজভী। এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করে বলেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

আরোও পড়ুনঃ চলতি সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ : ইসি সচিব