ফ্যাসিবাদী শাসন, সীমাহীন দুর্নীতি আর অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে উল্লেখ করে স্বাস্থ্যখাতে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিটি খাতে দুর্নীতি আকড়ে ধরেছে, যা দূর করতে সরকার কাজ করছে। দেশে বিশ্বমানের চিকিৎসা, সেবা আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আবশ্যক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দিয়েছে। কিন্তু শুধু বরাদ্দ বাড়ালেই হবে না। বরং এই খাতে ব্যয় করা প্রতিটি অর্থের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, যথাযথতা ও জবাবদিহি বজায় রাখা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাতে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা গেলে চিকিৎসাসেবার মান বাড়বে। একই সঙ্গে সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত চিকিৎসা পাওয়ার সুযোগত হবে।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার অবকাঠামো এবং জনবল ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

