বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বিএনপি ও সরকারের সমালোচনা করেন তিনি।
এ সময় দলের সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, যখন আওয়ামী লীগকে ট্যাকল দিতে পারছে না, তখন বিএনপি ঐক্যের কথা বলছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আজও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে। তারা গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি। জামায়াতের সঙ্গে তারা এজেন্ডাভিত্তিক জোট করলেও আদর্শিক কোনো জোট করেননি বলে জানান নাহিদ।
সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে নাহিদ সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য শুভকামনা।

