একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার

একাত্তর ইস্যু ‘সমাধান’ চাইল এনসিপি, যা বললেন ইসহাক দার

রাজনীতি

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যু কে পাকিস্তানের সমাধান করা উচিত বলে তুলে ধরেছেন দলটির নেতারা।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়গুলোতে গুরুত্বারোপ করে এনসিপির সাত সদস্যের প্রতিনিধিদলটি।

বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা, সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে, বিগত সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে জনগণের যে ধারণা, সেটাকে সবচেয়ে স্পর্শকাতর হিসেবে বিবেচনায় রাখতে হবে। এনসিপি মনে করে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যু কে অবশ্যই ডিল করা উচিত।

৭১-এর অমীমাংসিত তিন ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়—এ নিয়ে ইসহাক দার কিছু বলেছেন কি না, জানতে চাইলে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি পাকিস্তান জানাবে।

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত তিনটি প্রধান বিষয় রয়েছে। এগুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়া। গত এপ্রিলে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সরকার এ বিষয়গুলো তুলে ধরেছিল।

আরোও পড়ুনঃ বুড়িগঙ্গায় একদিনে চার লাশ উদ্ধার