চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের পাশাপাশি পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এমনকি বংশ ধ্বংস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তায় বলা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। অন্যদিকে বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো’। পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
এমনকি ওসিকে নিজের জীবন ও থানার নিরাপত্তা নিয়ে চিন্তা করার হুমকি দিয়ে গ্রেপ্তার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’-এমন ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হুমকিদাতা ব্যক্তির পরিচয় ও ব্যবহৃত নম্বরের অবস্থান শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

