রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১০৩ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন।
অভিযানকালে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

