কেরানীগঞ্জে ফেলে যাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ইউএনও

অপরাধ শিক্ষা সারাদেশ
ঢাকার কেরানীগঞ্জে ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এক অজ্ঞাত নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সার্বিক দায়িত্ব নিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম। পরে তিনি এগিয়ে গিয়ে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানান তিনি।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে শিশুটি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে।
শিশুটির দায়িত্ব নেওয়ার বিষয়ে ইউএনও মো. উমর ফারুক বলেন, উদ্ধার হওয়া শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। প্রচলিত আইন ও শিশু কল্যাণের নীতিমালা অনুসরণ করে শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাসপাতালে নবজাতক শিশুটিকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে। অনেকেই শিশুটিকে লালন-পালনের জন্য দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে শিশুটির অভিভাবকত্ব বা কাস্টডি হস্তান্তরের ক্ষেত্রে প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় শিশুটির প্রকৃত বাবা-মায়ের পরিচয় শনাক্ত এবং তাকে কীভাবে সেখানে রেখে যাওয়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
শিশুটির সার্বিক চিকিৎসা ও পরিচর্যায় সহযোগিতা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলিজ্জামান এবং কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।