থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক দুর্ঘটনা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে শোধনাগারের আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ব্যাংককের ফ্রা খানং এলাকায় অবস্থিত তাদের তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শোধনাগার এলাকা থেকে আকাশচুম্বী আগুনের শিখা উঠছে। একই সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের আকাশ।

বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ব্যাংচাকের তেল স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত এই বিশাল তেল শোধনাগারটি পরিচালনা করে ব্যাংচাক করপোরেশন। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম প্রধান কোম্পানি।

এদিকে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।