ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি গার্মেন্টস কারখানা থেকে ওমর ফারুক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চর কালিগঞ্জ এলাকায় দিনার টাওয়ারে অবস্থিত আল ক্বাফি গার্মেন্টস কারখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা এলাকার সেলিম তালুকদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কারখানায় ছারপোকা নিধনের ওষুধ ছিটিয়ে কারখানা বন্ধ করে সবাই চলে যান। তবে পরবর্তীতে রাতে ওমর ফারুক আবার কারখানায় ফিরে আসেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন।
শুক্রবার বিকেল ৩টার দিকে কারখানার শ্রমিকরা এসে দরজা বন্ধ দেখতে পান। এ সময় তাঁদের সন্দেহ হলে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার ভেতর থেকে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

