গাজায় অবকাঠামো ধ্বংস, ক্ষতি ছাড়াল ৬৮০০ কোটি ডলার

গাজায় অবকাঠামো ধ্বংস, ক্ষতি ছাড়াল ৬৮০০ কোটি ডলার

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলার এরও বেশি। খবর মিডল ইস্ট মনিটর।

বিবৃতিতে বলা হয়, এ হামলা শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ২০ হাজার শিশু ও ১২ হাজার ৫০০ নারী। প্রায় ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ স্বাস্থ্যকর্মী, ২৪৮ সাংবাদিক, ১৩৯ সিভিল ডিফেন্স সদস্য ও ১৭৩ পৌর কর্মী। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সরকারের দাবি, ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করেই থেমে নেই, বরং গাজা সিটির বাসিন্দা ও উত্তরাঞ্চলের মানুষদের ঘরে ফিরতে দিচ্ছে না। একই সঙ্গে খাদ্য অবরোধের মাধ্যমে ‘ক্ষুধাকে যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। শত শত হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলে ২৪ লাখ মানুষ, এর মধ্যে ১০ লাখ শিশু, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

আরোও পড়ুনঃ আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী