শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার অন্য কোনো পথ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা এবং তিনি কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে। তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা অপরাধীদের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও অনেক ব্যক্তি দেশ থেকে লুটপাট ও মানুষ হত্যার পর পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে বলে দাবি করেন তিনি। এসব ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ।
সবশেষে হুমায়ুন কবির পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসছেন না। তাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে।

