চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হানের ব্যবহৃত একটি পিস্তলও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রায়হানকে আশ্রয় দেওয়া এবং তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে। সেখান থেকে রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, আরও একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রায়হানকে আশ্রয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে

