ভোট শুধু অধিকার নয়, এটি গণতন্ত্রের প্রয়োগ: গয়েশ্বর

রাজনীতি

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,ভোট শুধু অধিকার নয়, এটি গণতন্ত্রের প্রয়োগ। আগামী নির্বাচনে জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

শনিবার ৩১ জানুয়ারি কেরানীগঞ্জে নিজ নির্বাচনী আসনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া মরেন না; তার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণার উৎস। আমাদের প্রিয় নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তার সংগ্রামী জীবন ও ন্যায়নিষ্ঠা তাকে অমর করে তুলেছে। মানুষ তাকে গণতন্ত্র, স্বাধীনতা এবং ন্যায়বিচারের জন্য চেনে। খালেদা জিয়া মরেন না, তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সংগ্রামী জীবন আমাদের শিক্ষা দেয় যে কোনো লোভ, প্রতিহিংসা বা স্বার্থপরতা ছাড়া রাজনীতি করা সম্ভব। তার আদর্শ আমাদের প্রজন্মের জন্য শক্তি এবং অনুপ্রেরণার উৎস। আমাদের দায়িত্ব হলো তার চেতনা ও লক্ষ্যকে সামনে রেখে দেশের উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া।

কেরানীগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, রাস্তা, ড্রেন, পানি নিষ্কাশন, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আমরা কাজ করছি। এছাড়া নাগরিকদের সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প সফল হয় না। জনগণকে এই কাজে অংশ নিতে হবে।

নাগরিকদের নিরাপদ এবং পরিকল্পিত নগরায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী ৬০ বছরের প্রেক্ষিতে কেরানীগঞ্জের জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য ও বসবাসের মানদণ্ড মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। আমাদের লক্ষ্য হলো নাগরিকদের শহরে বসবাসের মান উন্নত করা, যাতে মানুষ ঢাকায় গিয়ে না বসতে বাধ্য হয়।

ভোটের গুরুত্ব এবং জনগণের দায়িত্বের ওপরও জোর দিয়ে তিনি বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি গণতন্ত্রের প্রয়োগ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভোট কেন্দ্রে সবাইকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে, যাতে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ভোটের মাধ্যমে জনগণই সরকার গঠন করে। আমাদের লক্ষ্য হলো ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা এবং স্বাধীনতার স্বীকৃতি নিশ্চিত করা। এজন্য প্রতিটি ভোটারকে সচেতনভাবে ভোট কেন্দ্রে যেতে হবে এবং জনগণকে বিএনপি ও খালেদা জিয়ার ইতিহাস, সংগ্রাম এবং পারিপার্শ্বিক উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে, আর তার আদর্শ আমাদের অনুপ্রেরণা জোগাবে। আমাদের কাজ হলো তার লক্ষ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করা।

ভোটারদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ভোটের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করি। আপনারা সবাই সচেতন হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হোন এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিন।