রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

