একসময় ধারাবাহিকভাবে বাড়লেও গত তিন অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ। অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ইলিশের উৎপাদনে এই নেতিবাচক প্রভাব পড়ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র সংরক্ষণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা।
তাদের মতে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিন দেশের মধ্যে তথ্য বিনিময়, গবেষণা এবং আন্তসরকারি সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
কর্মশালায় ইলিশ গবেষক মোহাম্মদ আনিসুর রহমান জানান, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি আসে বাংলাদেশের জলসীমা থেকে।
তিনি জানান, ২০১২-১৩ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন। ধারাবাহিকভাবে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে তা রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। তবে এরপর থেকে উৎপাদন কমতে শুরু করে। গত তিন অর্থবছরে উৎপাদন হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ।
উৎপাদন কমে যাওয়ার পেছনে অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, ইলিশের বিচরণক্ষেত্রে পলি জমা, নতুন চর জেগে ওঠা, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইলিশের জীবনচক্র নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ফলে ইলিশ সংরক্ষণে শুধু জাতীয় পর্যায়ে উদ্যোগ নিলে হবে না, সীমান্ত অতিক্রম করে আঞ্চলিক সমন্বিত ব্যবস্থাপনাও গড়ে তুলতে হবে।
নিষিদ্ধ জাল ও অতিরিক্ত মাছ আহরণ বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি ইলিশ সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
বঙ্গোপসাগরীয় কর্মসূচি আন্তসরকারি সংস্থার (বিওবিপি-আইজিও) পরিচালক পি কৃষ্ণ ইলিশ সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন।
কর্মশালায় ভারতের গবেষক অমিয় সাহু আঞ্চলিক ডেটাবেজ তৈরি, বিশেষ টাস্কফোর্স গঠন এবং আন্তসরকারি সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। অন্যদিকে মিয়ানমারের গবেষক কিন মং সোয়ে অনিয়ন্ত্রিত মাছ আহরণকে ইলিশের উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।
এদিকে ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষার বিষয়টিও কর্মশালায় গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, ক্ষুদ্র জেলেদের ঋণের ফাঁদ থেকে রক্ষা করতে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা প্রয়োজন।
কর্মশালার আহ্বায়ক ইলিশ গবেষক আবদুল ওয়াহাব বলেন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে দেশে ইলিশের উৎপাদন আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।
বিওবিপি-আইজিও, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডফিশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

