নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটির হেলপার ও চালকের দাবি, দুই যুবক সাধারণ যাত্রীর মতো বাসে উঠে কিছুক্ষণ পর নেমে যান। এর পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘলা পরিবহণের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে ঢাকার গুলিস্তানের উদ্দেশে রওনা হয়। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে আরও দুই যুবক বাসে ওঠেন। তারা সাধারণ যাত্রীর মতো বাসের পেছনের আসনে গিয়ে বসেন।
বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসের ভেতরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
বাসটির হেলপার তানজিল জানান, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের আসনে বসেন। মৌচাক ইউটার্নের সামনে তারা নেমে যাওয়ার পরপরই বাসে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় বলে জানিয়েছেন বাসটির মালিক সিফাত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

