লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে সার্চলাইট বন্ধ করে রাতের আঁধারে বাংলাদেশে লোকজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ। এ সময় সীমান্তে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকায় ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে দিয়ে বাংলাদেশে লোকজনকে পুশইনের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে ওঠেন সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়লে দলবদ্ধ হয়ে সীমান্তে জড়ো হন তারা। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা এবং কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয় বাংলাদেশিরা সম্মিলিতভাবে চিৎকার শুরু করেন। পরে বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে সীমান্তে অবস্থান নেন গ্রামবাসী। একপর্যায়ে চাপের মুখে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা পুনরায় সার্চলাইট জ্বালাতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে আমরা চিৎকার করি। এরপরে বিজিবিসহ সীমান্তে লাঠিসোঁটা নিয়ে পাহারা দেই। বাধ্য হয়ে কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লাইট পুনরায় জ্বালিয়ে দেন।’
এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।

