
দেশে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যার পরিমাণ ১৭ হাজার ২০০ মেগাওয়াটে। বিদ্যুৎ উৎপাদনে এটি সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কর্মকর্তারা।
বুধবার (২০ মে) রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনে নতুন এ রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই পাওয়ার গ্রিড এটি রেকর্ড করে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড বৃদ্ধি পায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু জ্বালানি সরবরাহ, কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও চাহিদার তারতম্যের ওপর বিদ্যুতের বাস্তব উৎপাদন নির্ভর করে।

