সীমান্ত এলাকায় কেন ঘুরছেন পলাতক আ.লীগ নেতারা ?

জাতীয় সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় দেখা গেছে।

পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আখাউড়া সীমান্তসংলগ্ন এলাকায় তাদের এই উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্তসংলগ্ন এলাকায় যান আওয়ামী লীগের এসব নেতা।

শনিবার (২৮ নভেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে একাধিক পরিকল্পনা নিয়ে কাজ করছেন দলটির পলাতক নেতারা। সীমান্ত এলাকায় তাদের সফরও সেই পরিকল্পনার অংশ হতে পারে। তবে কোন পরিকল্পনা চূড়ান্ত হবে, সে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা।

প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন তারা। আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন শীর্ষ নেতা ছিলেন।

আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের কয়েকজন এর আগে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন। তবে দুটি স্থানেই তারা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি; বাইরে থেকেই সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের কোনো বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতীয় কর্মকর্তারা তাদের চলাচলের ওপর দূর থেকে নজর রাখছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার আগেই ভারতে ও অন্যান্য দেশে অবস্থানরত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর কিছু নেতাকর্মী বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। দলটির কয়েকজন নেতার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরে গ্রেপ্তারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতিও নিচ্ছেন অনেকে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় মাসে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ তরুণ ও যুবক বাংলাদেশে ফিরেছেন। তাদের কেউ কেউ ভারত থেকে, আবার কয়েকজন অন্যান্য দেশ থেকেও ফিরেছেন। তবে দেশে ফেরা নেতাকর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছেন না দলটির নেতারা। তাদের আশঙ্কা, তথ্য প্রকাশ হলে সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে, ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করলেও শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে দেশটির সরকার। ফলে আইনি প্রক্রিয়ায় তার দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত।