এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই : পররাষ্ট্র সচিব

রাজনীতি সারাদেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর নিয়ে মন্তব্য করতে রাজি হননি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার কোনো বক্তব্য নেই।

সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়টি সামনে আনা হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডি চাইলেন শেখ হাসিনা। তার এ উদ্যোগকে দেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার ঘনিষ্ঠ সহযোগীরাও জানিয়েছেন, দেশে ফেরার দিনক্ষণ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।