ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা, মারধর, ঘরবাড়ি ভাংচুর ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর এলাকার আরএস ৭১৭, ৯৮৩ ও ৯৮৪ নং দাগের ১৪.৮৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে, যা নিয়ে ঢাকার সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা (নং ১৮১৯/২০২৬) বিচারাধীন।
প্রথম পক্ষের মো. সৈয়দ আলী (৫২) অভিযোগে উল্লেখ করেন, আদালত ওই সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও গত ১৫ অক্টোবর, বেলা ১২টার দিকে পিয়ার আলী (৩৫), রমজান আলী (২৭), মো. জাফর আলী (৬৫), মো. দুলাল মিয়া (৪৮), মো. ফরিদ (৪০), মো. ফেরদৌস (৩৫)-সহ অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে ঘরদোর কোপাতে থাকে। বাঁধা দিলে হামলাকারীরা খোকন (৩৫), সাখাওয়াত হোসেন (৪০), সৈয়দ আলী, আজাহার আলী এবং তাদের পরিবারের দুই নারী—মোছা. ফাতেমা (৩৫) ও ফাহিমা (৩২)-কে এলোপাতাড়ি পিটিয়ে ও কোপিয়ে গুরুতর জখম করে। এ সময় নারীদের শ্লীলতাহানি ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ছাড়াও প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে, দ্বিতীয় পক্ষের মো. মোজাম্মেল হোসেন (২৩) তার পাল্টা অভিযোগে দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে গত ১৮ অক্টোবর রাত ১০টার দিকে খোকন (৩৫), সৈয়দ (৪০), ইব্রাহিম (৩৮), আজহার (৪৩) ও রবিউল (৬০) রামদা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে এবং আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এতে বাধা দিলে ও ডাক-চিৎকার শুনে এগিয়ে এলে তার ফুফাতো ভাই দুলালকে (৪৫) ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং পরিবারেরর অন্য সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, “জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

