রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকদের কারণে তিনি ‘ডিসকলেজিয়েট’ হয়েছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের ‘রোষানলে’ পড়েছি।
সম্প্রতি এনপিবি নিউজের রাজনৈতিক ও সমসাময়িক সামাজিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্নের মুখোমুখি’তে এসে রাকসু জিএস এসব কথা বলেন।
সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমাকে কিন্তু ডিসকলেজিয়েট করছে জামায়াতের শিক্ষকরা।’
দীর্ঘ সময় পর আবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এখন এসে আবার ইউনিভার্সিটি কন্টিনিউ করতেছি। মানে আমি আওয়ামী শিক্ষকদের রোষানলে পড়ছি, বিএনপিদেরও রোষানলে পড়ছি এবং জামায়াতে ইসলামের রোষানলে পড়ছি।’
তার দাবি, একটি নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে রেখে তাকে ‘ডিসকলেজিয়েট’ করা হয়েছে।
আম্মার বলেন, ‘আমাকে ডিসকলেজিয়েট করা হইছে একটা সিচুয়েশনের মধ্যে রেখে। কারণ আমার ডিপার্টমেন্টের ইতিহাসে কখনো এমন হয় নাই।’

