চলতি সপ্তাহের শেষ তিন দিন ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে এ অবকাশ তৈরি হয়েছে। ফলে আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ।
ছুটির সূচি অনুযায়ী, ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিন ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি। এরপর ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।
২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় আগেই শ্যামাপূজার ছুটি নির্ধারণ করা হয়েছিল।
তবে এই ছুটির সুবিধা সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একই ধরনের ছুটি নির্ধারিত হয়নি। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।
এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও এ উপলক্ষে ছুটি রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাদা কোনো সিদ্ধান্ত না দিলে এসব প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে।
এদিকে বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হবে শ্যামাপূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি। দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এই পূজা উদ্যাপন করা হয়।

