ঢাকার প্রতিটি ভবনে নগরবাসীর স্বার্থেই সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত রাজউক আওতাধীন এলাকার ভবনসমূহে সেপটিক ট্যাংক ও সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক এক অংশীজন সভায় তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে একটি ব্রাউন শহর থেকে সবুজ ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে হলে কার্যকর সিউয়ারেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এজন্য প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক বা এসটিপি (সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন বাধ্যতামূলক করতে হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকা শহরের হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সকল স্থাপনার জন্য এসটিপি স্থাপন কোনোভাবেই কঠিন কাজ নয়।
তিনি বলেন, রাজধানীর নদী ও খাল দূষণমুক্ত করা কঠিন হলেও তা অসম্ভব নয়। এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং উৎস থেকে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে হবে। শুধু ড্রেজিং করে কিংবা দায় এড়িয়ে সমস্যা সমাধান সম্ভব নয়, তিনি মন্তব্য করেন।
তিনি নগরীর ছাদবাগান, সড়ক বিভাজকে সবুজায়ন এবং পার্ক সংরক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে ভবন নির্মাণে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপনের বাধ্যবাধকতা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরোও পড়ুনঃ নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি : রিজভী

