বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় দুই আসামি গ্রেপ্তার।
সোমবার (১৬ নভেম্বর) পৌর এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার পারভবানীপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং টাউন কলোনির আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে বারোদুয়ারী হাটখোলা এলাকা থেকে মিজানুর রহমানকে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দ্বারকীপাড়া তিনমাথা মোড় থেকে সম্রাটকে গ্রেপ্তার করেন।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গাড়ীদহ ইউনিয়ন যুবদল নেতা মো. আমির হামজা (৩৩) বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

