দেশের জাতীয় নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুর
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে গণসংযোগ করছে, অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, নির্বাচন হবে বলে সবাই আশাবাদী এবং মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে।
নুরুল হক নুর বলেন, ‘গণঅভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে; জামায়াত যদি সরকারকে দুর্বল করে; আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করে তাকে যদি নাস্তানাবুদ করি, তাহলে কিন্তু সামনে শনির দশা সবার জন্য অপেক্ষা করছে।’
ভিপি নুর আরও বলেন, ‘আমরা সেদিন বলেছিলাম—খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজেই আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি তাহলে গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে।’ নুর দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ার মুক্তি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরও মুক্তি হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘আমরা যে কথা বলি তা ছয় মাস, এক বছর পরে হলেও বাস্তবে ফলে।’
আরোও পড়ুনঃ ডেঙ্গু প্রতিরোধে জিনজিরায় অভিযান

