লক্ষ্মীপুর জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদে কনস্টেবল থেকে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন কেরানীগঞ্জের আগানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ইমাম হোসেন।
রোববার ০৭ জুন ২০২৬ লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নবপদোন্নতিপ্রাপ্ত ইমাম হোসেনের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রুপক চন্দ্র পালসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইমাম হোসেন কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আগানগর উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন।
চাকরিজীবনের শুরুতে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজারবাগ পুলিশ লাইন্সে দায়িত্ব পালন করেন। পরে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে লক্ষ্মীপুর জেলায় যোগদান করেন তিনি।
সর্বশেষ পদোন্নতি পেয়ে তাকে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে পদায়ন করা হয়েছে।
ছেলে ইমাম হোসেনের পদোন্নতিতে তার পরিবারে আনন্দের বন্যা বইছে। তার বাবা, যিনি নিজেও বাংলাদেশ পুলিশের একজন সদস্য, ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তার এই পদোন্নতিতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
পদোন্নতি পাওয়া প্রসঙ্গে ইমাম হোসেন বলেন, “প্রতিটি মানুষের জীবনে বড় হওয়ার একটি স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে জনগণের সেবা করা। পদোন্নতির মাধ্যমে সেই দায়িত্ব আরও বেড়ে গেল। আমি আমার চাকরিজীবনে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে যেতে চাই।”

