পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

দুর্ঘটনা সারাদেশ

যশোরের মণিরামপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মা ও তার শিশুসন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা ওমর ফারুক।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও শিশু সন্তান আবদুর রহমান (৪)। আহত ওমর ফারুক যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুকের মোটরসাইকেলে পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহত ওমর ফারুককে যশোরের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ঘাতক পিকআপভ্যান নিয়ে চালক পালিয়ে গেছেন। এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, পিকআপভ্যানটিকে জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।