হাদির খুনিদের ‘পাওয়া গেলে’ ভারত ফিরিয়ে দিবে : রিজওয়ানা হাসান

অপরাধ রাজনীতি সারাদেশ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার শাহবাগে ইনকিলাব মঞ্চে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিরা ভারতে পালিয়ে গেলে তাদের ফিরিয়ে দিতে ভারত সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী। রিজওয়ানা হাসান বলেন, সব ধরনের তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা শেষ করে ২০২৬ সালের ৭ জানুয়ারির মধ্যেই এই মামলার চার্জশিট দাখিল করা হবে। এরপর অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।”
তিনি আরও বলেন, “আপনারা আছিয়ার ঘটনার কথা জানেন। সেখানে ছয় কার্যদিবসের মধ্যেই বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছিল। সেভাবেই আমরা চাচ্ছি সবকিছু নিখুঁতভাবে করে চার্জশিট দিতে, যাতে কোনো ভুল না থাকে। চার্জশিট দেওয়ার পর দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে।”

রিজওয়ানা হাসান বলেন, অনেক ক্ষেত্রে আসামিরা পালিয়ে গেলেও বিচার প্রক্রিয়া থেমে থাকে না। তিনি বলেন, “শেখ হাসিনার ক্ষেত্রেও অনুপস্থিতিতে বিচার হয়েছে। হাদি হত্যার আসামিরা যদি বাংলাদেশ ছেড়ে পালিয়ে থাকে, সে ক্ষেত্রে কূটনৈতিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে। ভারত সরকার আশ্বাস দিয়েছে—তাদের ভূখণ্ডে পাওয়া গেলে বাংলাদেশকে সহায়তা করা হবে।”
তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে চান না বলে জানান তিনি।

তিনি বলেন, “আমরা কোনো ভুল করতে চাই না। শহীদ হাদির পরিবারের সঙ্গেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।”

আরোও পড়ুনঃ