ঢাকার কেরানীগঞ্জে দস্যুতা মামলার এজাহারনামীয় আসামি ও কিশোর গ্যাং লিডার আকাশ মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব–১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় প্রবাসী রাসেল মিয়া (৪৫)কে পথরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং তাঁর কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। র্যাব–১০-এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর পশ্চিমদি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ মোল্লাকে গ্রেপ্তার করে।
তিনি রাজেন্দ্রপুর নোয়াদ্দা এলাকার ওসমান মোল্লার ছেলে। গ্রেপ্তারকৃত আকাশ মোল্লাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজেন্দ্রপুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, ভুট্টু মেম্বারের নাতি আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তোলে। তাঁর নেতৃত্বে রাতে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা চলত।
ভয়–ভীতির কারণে কেউ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। তাঁকে গ্রেপ্তারের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে বলেন, এখন থেকে অন্তত রাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাড়িচালক বলেন, ঝিলমিল ও নতুন রাস্তা এলাকায় রাতে নিয়মিত আকাশ মোল্লার নেতৃত্বে ডাকাতি ও ছিনতাই হতো। তাঁরা জানান,আমরা নিয়মিত রাতে গাড়ি চালাই। ভয় ছিল, মুখ খুললে যদি আমাদের কোনো ক্ষতি করে। আকাশ মোল্লা গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তির বাতাস বইছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

