কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মইন উদ্দিন (৩৫)। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে আসামিদের সঙ্গে বিএনপি নেতা লিয়াকত আলীসহ কয়েকজন নিচে নামেন। এ সময় তারা গাড়িতে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় অজ্ঞাত অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মইন উদ্দিন গুলিবিদ্ধ হন।
ঘটনার পর স্থানীয়রা অস্ত্রসহ জিয়াউল হক (২৭) নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে।
এছাড়া আব্দু শুক্কুর ও মো. রুবেল নামে আরও দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলি জানান, “ঘটনার পর একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।”
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগেও বিএনপি নেতা লিয়াকত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। ফলে সর্বশেষ এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা বলেও ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

