আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

সারাদেশ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেলের বাজারে আবারও সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ২ ও ৫ লিটারের বোতলও মিলছে না। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন দেশের রিফাইনাররা।

রিফাইনারদের দাবি, বর্তমান দরে তেল বিক্রি করে তাদের লোকসান হচ্ছে। দাম সমন্বয় করা না হলে আমদানিতে আগ্রহ কমতে পারে। এতে রমজানে চাহিদা বাড়ার সময় বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

সয়াবিন তেলের দাম সর্বশেষ বাড়ানোর ২০ দিনের মধ্যেই নতুন করে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দেয়।

চিঠিতে সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে প্রায় ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে। এতে দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলে রিফাইনারদের প্রায় ১৭ টাকা করে লোকসান হচ্ছে বলে দাবি করা হয়েছে।

রিফাইনারদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হবে—এমন আশ্বাস পাওয়ার কারণেই লোকসান সত্ত্বেও তারা ঋণপত্র খোলা এবং তেল সরবরাহ অব্যাহত রেখেছেন।

তবে এখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রস্তাব যাচাই-বাছাই করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না।

দেশের বাজারে সরবরাহ নিয়ে এর আগেও কয়েক দফা অস্থিরতা দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরবরাহ সংকটের পর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছিল। এরপর জুলাইয়েও আন্তর্জাতিক বাজার ও ডলারের বিনিময় হারের প্রভাব দেখিয়ে বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ ওঠে।

সবশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ১৮৫ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৯৭৫ টাকা।

তবে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের সাম্প্রতিক দামের চিত্রে ওঠানামা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর অপরিশোধিত সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারমূল্য ছিল প্রতি টন প্রায় ১ হাজার ২০০ ডলার। এর আগের সপ্তাহে এই দাম ছিল ১ হাজার ২২৩ ডলার।