কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঝিলমিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি বোল্ট কাটার এবং একটি স্টেইনলেস স্টিল (এসএস) কাঁচি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাম বাজার তালগাছতলা এলাকার মো. বাবু (২৭), বংশালের নাজিরা বাজার এলাকার মারুফ হোসেন মিল্টন (৪৫), জিয়ানগর এলাকার মহিউদ্দিন আহমেদ শান্ত (২৯), শুভাঢ্যা এলাকার মো. রিয়াজ শেখ (৪০) এবং শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার নিখিল মণ্ডল (৪২)।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানের একপর্যায়ে ঝিলমিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা-এ মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।