কেরানীগঞ্জের আলোতে সংবাদ প্রকাশের পর ডিবি দক্ষিনের এসআই এনামুল ধামরাই থানায় বদলি

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

রিপোর্ট: আল ইমরান রাফি

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অপারেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এনামুলকে ধামরাই থানায় বদলি করা হয়েছে। গত ৩০ জুলাই কেরানীগঞ্জের স্থানীয় পত্রিকা ‘কেরানীগঞ্জের আলো’-তে ডিবি দক্ষিণ শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, হয়রানি, অর্থ আদায় ও রাজনৈতিক মামলার ভয় দেখানোর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এ বদলি করা হয়।

ঢাকা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে গত ৩০ জুলাই এসআই এনামুলকে ডিবি দক্ষিণ থেকে ধামরাই থানায় বদলির আদেশ দেওয়া হয়। পরে ৩ আগস্ট তিনি ডিবি দক্ষিণ থেকে ছাড়পত্র নিয়ে ধামরাই থানায় যোগদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত কয়েক মাসে ঢাকা জেলা ডিবি দক্ষিণ শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে। এর আগে নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গিয়ে স্থানীয়দের মবের শিকার হন ঢাকা জেলা ডিবি দক্ষিণের চার কর্মকর্তা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়। পরবর্তীতে ওই কর্মকর্তাদের পাশাপাশি ডিবি দক্ষিণের তৎকালীন কর্মকর্তাদের কয়েকজনকে বদলি করা হয়।

এরপরে প্রকাশ্যে আসে ডিবির ওসি সহ এনামুল টাকা আদায়ের বিষয়টি। টাকা লেনদেনর বিষয়টি অকপটে শিকার করেন ডিবি দক্ষিনের অপারেশন ইনচার্জ এসআই এনামুল, টাকা ভাগ বাটোয়ারার বিষয়টিও শিকার করেন তিনি। রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে হয়রানি, অর্থ আদায় ও ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গত ৩০ জুলাই ‘কেরানীগঞ্জের আলো’ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ডিবি দক্ষিণের অপারেশন ইনচার্জ এসআই এনামুলকে ধামরাই থানায় বদলি করা হয়।

বদলির বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘ঢাকা জেলা পুলিশ থেকে গত ৩০ জুলাই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অপারেশন ইনচার্জ এসআই এনামুলকে ধামরাই থানায় বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি ৩ আগস্ট ডিবি দক্ষিণ থেকে বদলি হয়ে ধামরাই থানায় যোগদান করেছেন।’

তবে কী কারণে এসআই এনামুলকে বদলি করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওসি রেজাউল করিম বলেন, ‘সাধারণভাবেই এসআই এনামুলকে বদলি করা হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কারণ আমার জানা নেই।’