কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অপরাধ সারাদেশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে ওয়ালটন শোরুমের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. শাহিন মিয়া (২৭)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার ঘোষকান্দা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর ইসলাম এবং মায়ের নাম মৃত সাফিয়া বেগম।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে শাহিন মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।