কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অপরাধ সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিংকু ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাড্যা পশ্চিমপাড়া শান্তিনগর এলাকার তিন রাস্তার মোড়ে শামিম টেলিকম অ্যান্ড লন্ড্রি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিংকু ইসলাম কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চরাইল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবির একটি দল রিংকু ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।