আর কতদিন থাকবে বৃষ্টি? কমলেই শীত !

আবহাওয়া সারাদেশ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা আরও এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী রোববার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি কমে আসার সম্ভাবনা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরপর আকাশের মেঘ কেটে গেলে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভারতের ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে উঠে ধীরে ধীরে দুর্বল হয়ে এটি নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবেই বাংলাদেশের আকাশে মেঘলা ভাব ও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। রোববার থেকে দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি থেমে গেলেও আকাশে কিছুটা মেঘলা ভাব থাকতে পারে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হওয়ার পরবর্তী প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে শুরু করতে পারে তাপমাত্রা।

কোন দিন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।

বৃষ্টি কমলেই কি বাড়বে শীত?

বৃষ্টির প্রবণতা কমে গেলে ধীরে ধীরে বাড়তে পারে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার মতে, বুধবার থেকে আকাশের মেঘলা ভাব কেটে যেতে পারে। এরপর তাপমাত্রা কমতে শুরু করলে রাতের দিকে শীতের আমেজ আরও বাড়তে পারে।

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

এদিকে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।