অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুরে সড়ক অবরোধ

রাজধানী সারাদেশ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে কার্যালয় থেকে মুক্ত করতে বৃহস্পতিবার রাতে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশি সহায়তায় তাকে কার্যালয় থেকে বের করে নেওয়া হয়।

 

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, কলেজে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করার অভিযোগে তারা ক্ষুব্ধ হন। এসব অভিযোগের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।