আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর তা নিয়ে উপহাস করেছে জার্মান ম্যাগাজিন ‘১১ ফ্রয়েন্দে’। পর্তুগিজ তারকার অবসরের ঘোষণা দেওয়ার ভিডিওটির একটি বিদ্রুপাত্মক জার্মান অনুবাদ করেছে এই প্রকাশনাটি, যে কথাগুলো বলেননি ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) পর্তুগাল ফুটবলকে বিদায় বলেন রোনালদো। জর্জ জেসুস তার নতুন স্কোয়াড ঘোষণার একদিন আগেই এই ঘোষণা দেন তিনি। পাঁচ মিনিটের ভিডিও ক্লিপে ২৩ বছরের ক্যারিয়ারে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সিআরসেভেন।
রোনালদোর এই ঘোষণার পর যেখানে বিশ্ব গণমাধ্যমগুলো পর্তুগাল অধিনায়কের কীর্তির প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছে, সেখানে ভিন্ন পথ বেছে নিয়েছে ‘১১ ফ্রয়েন্দে’।
ব্যাঙ্গাত্মক রচনার জন্য পরিচিত তোবিয়াস আহরেন্সের লেখা জার্মান অনুবাদসহ একটি ভিডিও প্রকাশ করেছে এই ম্যাগাজিন। সেখানে কিছু কাল্পনিক শব্দ ব্যবহার করে মাঠে এই ফরোয়ার্ডের আচরণ নিয়ে উপহাস করেছে তারা।
অনুবাদে রোনালদোকে বলতে শোনা গেছে, ‘বন্ধুরা, এক মুহূর্তের জন্য আমার কথা শোনো। আমি সরাসরি বলছি: আমি অবসর নিচ্ছি। আমি শুধু তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, বিশেষ করে (সিউ) সেলিব্রেশন নামের ওই আজেবাজে ব্যাপারটিতে আমার সাথে তাল মেলানোর জন্য। আমি তোমাদের কসম করে বলছি, প্রথমে এটা মার্সেলোর সাথে একটা বাজি ছাড়া আর কিছুই ছিল না। আমি ভেবেছিলাম প্রাপ্তবয়স্ক পুরুষরা বাতাসে লাফিয়ে উঠবে না, ঘুরপাক খাবে না আর চিৎকার করবে না, কিন্তু তোমরা কী করলে? তোমরা আমাকে অনুকরণ করলে।’
আরও বলা হয়েছে, ‘আমাকে সবগুলো ফ্রি কিক নিতে দেওয়ার জন্যও ধন্যবাদ, যদিও শেষ যে কিকটা জালে ঢুকেছিল সেটা পাঁচ বছর আগের কথা। আর ধন্যবাদ যে, যখন আমি আমার শর্টস যতটা সম্ভব উপরে টেনে তুলতাম, যতক্ষণ না আমার কিডনি প্রায় দেখা যেত, তখন কেউ হাসত না। এটা আমার জন্য এক পরম সম্মানের বিষয় ছিল। আমার রেকর্ডগুলোর যত্ন নেবেন।’
২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল।

